স্টাইনবেক সরলতা ২

অভ মাইস এন্ড মেন এর পটভূমিকা ১৯২০ এর ক্যালিফোর্নিয়া। ছবির প্রধান চরিত্র জর্জ এবং লেনি, তারা কৃষি-শ্রমিক, ঘুরে ঘুরে মধ্য ক্যালিফোর্নিয়ার র ্যাঞ্চ-গুলিতে কাজ করে। লেনি পাগল ধরনের, কিন্তু প্রচণ্ড শক্তিশালী। যেখানেই তারা কাজ করতে যায়, লেনি কিছুদিনের মধ্যে একটা ভয়ংকর ধরণের দুর্ঘটনা ঘটায়, এবং জর্জ ও তাকে পলায়ন কার্য সমাধা করতে হয়। এরকমই একটি জায়গা থেকে পালিয়ে বেশ দূরে নতুন র ্যাঞ্চে কাজ খুঁজে নিতে এসে সালিনাস নদীর তীরে যখন তারা এসে বসেছে, তখন থেকে স্টাইনবেক তাদের সঙ্গ নিয়েছেন। এই ছোট উপন্যাসের নাটকীয় গঠন এই সূচনা-পর্বেই স্পষ্ট, কাহিনীর বিকাশের যাবতীয় উপাদান — লেনির বিপজ্জনক কিন্তু সরল ও অগঠিত মন, তদসত্বেও তার প্রতি জর্জের গভীর স্নেহ, কিছুটা টাকা জমিয়ে নিজেদের কিছু জমি কেনবার তাদের যৌথ স্বপ্ন — এসবই সেই নদীর ধারেই আমরা জানতে পারি। এর পর যেভাবে গল্পটি গড়িয়েছে, তা খুব অপ্রত্যাশিত না হলেও মর্মস্পর্শী।
লেখকের একটি স্টাইল হল — একটা অধ্যায়ের শুরুতে প্রকৃতি বা স্রেফ একটা ঘরের পেন্টার-সুলভ বর্ণনায় কিছুটা সময় নেন, পরিবেশ তৈরি করেন। এই স্টাইলকে সিনেমাসংগতও বলা চলে, চলচ্চিত্রে যেমন একটি নতুন সিকুয়েন্স শুরু হয় বর্ণনাধর্মী মাস্টারশট দিয়ে, অনেকটা সেরকম। তার পরই সাধারণত চরিত্রগুলির মধ্যে কথাবার্তা শুরু হয়, এবং শুরু হয় জন স্টাইনবেকের প্রধান সাধনা — মানুষের আশা-আকাঙ্খা কিভাবে অন্য মানুষের সাথে  তার সম্পর্ককে প্রভাবিত করে, তার অনুসন্ধান –
“দেখ, এসব কথা আমি কাউকে আগে বলিনি। বলা উচিতও না হয়ত। আমার স্বামীকে আমার পছন্দ না। সে লোক ভাল নয়।” মেয়েটি গোপন কথাগুলি তাকে বলল, আর বলল বলেই তার আরও কাছে এগিয়ে এল, আর বসল পাশে।

যে মেয়েটির কথা বলা হচ্ছে, কিছুক্ষণ আগে সে বইয়ের কালো একটি চরিত্রকে এমন কটি কথা বলেছে, সাহিত্যর ইতিহাসে তার মত অমানবিক, হিংস্র কথা বোধহয় খুব কমই আছে — এখন এই এক বাক্যাংশে স্টাইনবেক তার মনুষ্যত্ব পুনঃপ্রতিষ্ঠিত করলেন। সহজ কথা নয়!
বইটা শেষ করার দিন চারেক পরে নিউইয়র্কের একটি রেস্টুরেন্টের পুরনো দু-বন্ধুর সাথে দেখা করলাম। রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, আর বসার জায়গা পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে জিজ্ঞেস করে বারবারই মিছে কথা শুনতে হচ্ছে, তার পরও তীর্থের কাকের মত দাঁড়িয়ে আছি — কারণ দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে সুন্দরী নারীদের অত্যন্তাধিক্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা-সেটা আলাপ করতে করতে অভ মাইস এন্ড মেন-এর কথা উঠতে এক বন্ধু জানাল — স্টাইনবেক তার প্রিয় লেখক, অভ মাইস এন্ড মেন খুব ভালও, কিন্তু তার মতে স্টাইবেকের লেখা গুলির মধ্যে এটা নাকি দুর্বলতম। শুনে ঘাবড়িয়ে গেছি। তাঁর সেরা বই কোনটা জিজ্ঞেস করাতে বন্ধুবর জানাল, ইস্ট অভ ইডেন। চুপ করে শুনলাম, নাড়লাম মাথা। এটা আর জানালাম না যে সেই শিল্পকর্মটির সাথেও আমার পরিচয় আছে, এলায়্যা কাজান আর জেমস ডীন-এর ফিল্মের মাধ্যমে। এ ছোকরা আবার ফিল্মের তেমন ভক্ত নয়।
শেষ।

No comments yet

Leave a reply